জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগদান শেষে শুক্রবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে তাকে অভ্যর্থনা জানানোর ব্যাপক প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ।
শেখ হাসিনাকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে এমিরেটসের উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।
আগের সময়সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৬ নম্বর ফ্লাইটটি আসার কথা ছিল বিকেল ৫টা ২০ মিনিটে।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ফুলেল সংবর্ধনার আয়োজন করেছে আওয়ামী লীগ পক্ষ থেকে। রাস্তার দুই ধারে জাতীয় ও দলীয় পতাকা, ফুল, ব্যানার, ফেস্টুন , প্রধানমন্ত্রীর ছবি ও বেলুন হাতে অবস্থান নেন তারা।
এরইমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে শাহআলী থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা দফায় দফায় সড়কে মিছিল বের করে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
আর ঢাকা সেনা নিবাসের জাহাঙ্গীর গেইট থেকে বিজয় সরণির দিকে কোনো গাড়ি আসতে পারছে না। সেইসঙ্গে মিরপুর থেকে মহাখালী আসার পথেও যাত্রীদের যানজটের মুখে পড়তে হচ্ছে।
২৬ সেপ্টেম্বর দেশে ফেরার কথা থাকলেও, ব্যক্তিগত কারণে সফরের সময় আরো ৪ দিন বাড়ান প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ফিফথ গ্লোবাল ফান্ড রিপ্লেনিশমেন্ট সম্মেলন ও জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে কানাডা ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য যাত্র করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সফরে বিভিন্ন দেশের সরকার প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পাশাপাশি ২১ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে তিনি বাংলায় ভাষণ দেন।
দক্ষ রাষ্ট্রপরিচালক হিসেবে অর্জন করেন জাতিসংঘ পদক- ‘প্ল্যানেট ফিফটি-ফিফটি’ ও ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’।
আন্তর্জাতিক ক্ষেত্রে এই সাফল্যের কারণে শুক্রবার দেশে ফেরার পর সভানেত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধণা দেবে আওয়ামী লীগ। বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে নেতাকর্মীরা তাকে সংবর্ধনা দেবেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে মহানগর উত্তর আওয়ামী লীগের এক আলোচনায় দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, যে মানুষটি অবিরত এদেশকে কাঙ্খিত সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করছেন, তাই তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হবে।
এ সময় অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সংবর্ধনার সময় নেতাকর্মীদের সুশৃঙ্খল থাকার আহ্বান জানান। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বানও জানান তিনি।