চীনের প্রধানমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফর এদেশের রাজনীতিতে গুরত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
শনিবার রাজধানীর তোপখানায় চীনের ৬৭তম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সাম্যবাদী দল বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
চীনের সফরকে ঐতিহাসিক করে গড়ে তুলতে সেভাবে প্রস্তুতি নেয়া হচ্ছে— উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, কেবল বিমান বা সড়ক যোগাযোগ নয়- ফিজিক্যাল কানেকটিভিও এই সফরে স্থান পাবে।
এ সফরে দুই দেশের বাণিজ্যক সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী।
অতীতের কথা স্মরণ করে চীনের সঙ্গে বাংলাদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি বলেন, এটি চালু হলে ভারতও সুবিধা পাবে।
চীনের শিল্প-সাহিত্য-সংস্কৃতির প্রশংসা করে তিনি আরো বলেন, চীনের প্রেসিডেন্টের সফর শুধু বাণিজ্যিক নয় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও প্রভাব ফেলবে।
চীনের প্রেসিডেন্টের এই সফর দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং পারস্পরিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেও জানান আওয়ামী লীগ এ সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী।
সৈয়দ আশরাফ বলেন, চীনের প্রেসিডেন্টের এই সফর বাংলাদেশের জন্য অনেক সম্মান বয়ে আনবে।
সরকারের আমন্ত্রণে গত তিন দশকের মধ্যে চীনের প্রেসিডেন্ট হিসেবে প্রথম ঢাকা সফরে আসছেন শি চিনপিং।