যারা যুদ্ধারপরাধীদের মন্ত্রী বানিয়েছে তাদের রাজনীতি করার অধিকার এদেশে থাকতে পারে কিনা তা জনগণকে ভাবতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, দেশের ভেতরে থেকে যারা দালালি করে তাদের ব্যাপারে ভাবতে হবে।
নির্বাচন কমিশন পুর্নগঠনে বিএনপির পরামর্শ নিলে আবারো এক কোটিরও ওপরে ভুয়া ভোটার তালিকা করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলন নিয়ে তিনি বলেন, কাউন্সিলরদের ওপরই নির্ভর করছে দলের আগামী নেতৃত্ব।
কানাডা ও যুক্তরাষ্ট্র সফরের বিস্তারিত নিয়ে সংবাদ সম্মেলন হলেও নির্বাচন কমিশন পুনর্গঠন, আওয়ামী লীগের আসন্ন কাউন্সিলসহ দেশের রাজনীতি নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি।
বিএনপি সরকারের সময়ে ৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচন, মাগুরা ও ঢাকা ১০-এর উপ নির্বাচনের চিত্র তুলে ধরে বিএনপি কি ধরনের নির্বাচন কমিশন চায়-এমন প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।
যুদ্ধাপরাধীদের ফাঁসি হওয়ায় পাকিস্তানের মতো এদেশেও অনেকের মন কেঁদেছে এ মন্তব্য করে তিনি বলেন, মন্ত্রী বানিয়ে যুদ্ধাপরাধীদের যারা প্রতিষ্ঠিত করেছে একাজ তাদেরই।
আওয়ামী লীগের ২০তম কাউন্সিল নিয়ে প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, তৃণমূল যেমন নেতৃত্ব চাইবে তেমনই হবে। এসময় দীর্ঘ ৩৫ বছর এ দলের দায়িত্ব সমালানোর প্রসঙ্গ তুলে অবসরে যাওয়ার কথাও বলেন দলের সভানেত্রী।
শেখ হাসিনা বলেন, কয়েকবার সম্মেলনের তারিখ পরিবর্তন করা হলেও এবার ২২ ও ২৩ অক্টোবরে সম্মেলন নিশ্চিত হবে।