আগামী ২০৩০ সালের মধ্যে সবার জন্য স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে দরকার জনসচতেনতা বৃদ্ধির পাশাপাশি সরকারি-বেসরকারি সংস্থাগুলোর গৃহীত প্রকল্প দ্রুত বাস্তবানয়ন।
রোববার রাজধানীতে জাতীয় স্যানিটেশন মাসের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।
সারাদেশে স্যানিটেশন কার্যক্রমের তদারকি বাড়াতে নিজ মন্ত্রণালয়ের প্রতিনিধি ও স্থানীয় প্রশাসনকেও নির্দেশ দিয়েছেন তিনি। এসময় দুই সিটি করপোরেশন মেয়র স্যানিটেশনসহ রাজধানীর উন্নয়ন কর্মকান্ডও তুলে ধরেন।
স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতের লক্ষে প্রতিবারের মতো এবারও পুরো অক্টোবর জুড়ে জাতীয় স্যানিটেশন মাসে নানা কর্মসূচি গ্রহণ করেছে সরকার।
সকালে রাজধানীতে মাসব্যাপী এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ ক্ষেত্রে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি-বেসরকারি সকল প্রকল্প দ্রুত বাস্তবায়ন করার তাগিদ দেন।
ঢাকা দক্ষিণে স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে পাবলিক টয়লেট নির্মাণের ওপর জোর দেয়া হচ্ছে বলে জানান মেয়র সাঈদ খোকন।
ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি তার এলাকার ফুটপাতের অবৈধ দখলের বিষয়টিও তুলে ধরেন।