শিশুদের মাঝে ধনী-গরিবের ব্যবধান কমিয়ে আনতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত বিশ্ব-শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৬ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
নিজের বাড়ির পাশের দরিদ্র শিশুটির দিকে নজর দিতে বলেন প্রধানমন্ত্রী।
এ সময় তিনি আরো বলেন, এদেশে একটি শিশুও না খেয়ে থাকবে না, শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না।
শিশুরা যেন যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে সেজন্য নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মাধ্যমিক পর্যন্ত সব বই ই-বুক-এ রুপান্তর করা হবে।
এছাড়া প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে কম্পিউটার ট্রেনিংয়ের কথা বলেন তিনি।
আর কোনো ছেলে-মেয়ে যেন স্কুল থেকে ঝরে না পরে সেদিকেও বিশেষ নজর দেয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে শুরুতেই শিশুদের জন্য ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তার দেয়া ভাষণে বলেন, জাতির পিতা ১৯৭৪ সালে যে শিশু আইন করেছিলেন, সে আইন জাতিসংঘ করে ১৯৮৯ সালে। তুলে ধরেন আওয়ামী লীগ সরকারের আমলে শিশুদের কল্যাণে নেয়া নানা পদক্ষেপের কথা।
কোনো শিশু যেন কষ্ট না পায়, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত না হয় সেজন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, শিশুদের জন্য সুন্দর ও নিরাপদ ভবিষ্যত নির্মাণই তার লক্ষ্য— এদেশের সকল শিশুই শিক্ষার আলোয় আলোকিত হবে।
পরে দর্শক সারিতে বসে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী।