সিলেটে কলেজছাত্রী নার্গিসকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতা বদরুল ইসলামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে সাংবাদিকদের মুখোমুখি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, অপরাধী যে দলেরই হোক শাস্তি থেকে রেহাই পাবে না।
সোমবার সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী নার্গিসকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে জানান তিনি।
এদিকে, গুলশানে জঙ্গি হামলায় জড়িত সন্দেহে আটক তাহমিদের জামিনের বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, গুলশানে হলি আর্টিজানে হামলার ঘটনায় তাহমিদ হাসিব খানের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
ভারত-পাকিস্তানের মধ্যে বড় ধরনের সংঘাত হলে বাংলাদেশের ভূমিকা কী হবে এ প্রসঙ্গে মন্ত্রী, মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে ভারতের ভূমিকা উল্লেখ করে বলেন, যে কোনো ধরনের সংকটেই বাংলাদেশ দেশটির পাশে থাকবে।
বর্তমানে ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে সম্পর্ক এখন অনেক ঘনিষ্ঠ উল্লেখ করে মন্ত্রী বলেন, ধীরে ধীরে অমীমাংসিত বিষয়গুলোও সুরাহা করা হবে।
দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজানোর কথাও উল্লেখ করে বলেন মন্ত্রী বলেন, পুলিশ বাহিনীতেও এয়ার ইউনিট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।
দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে সাংবাদিকদের মুখোমুখি অনুষ্ঠানে এসব কথা বলেন।
তাহমিদ নিয়ে মন্ত্রীর কথা:
তাহমিদের কাছ থেকে আমাদের গোয়েন্দারা উল্লেখযোগ্য কোনো তথ্য পায়নি— তারপরেও যখনই তাকে প্রয়োজন হবে তখনই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ শর্তে তাকে ছেড়ে দেয়া হয়েছে, তাছাড়া তাহমিদকে জামিন দিয়েছে আদালত।
তিনি আরো বলেন, বাংলাদেশের আদালত স্বাধীন, তাই তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে—এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইন-শৃঙ্খলাবাহিনীর আদালতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার কোনো এখতিয়ার নেই।
এ সময় স্বতন্ত্র এয়ার ইউনিট করবে বাংলাদেশ পুলিশ— এর অংশ হিসেবে অচিরেই হেলিকপ্টার যোগ হচ্ছে পুলিশে বলে জানান তিনি।
ইতোমধ্যে হেলিকপ্টার কেনার জন্য প্রস্তাব দেয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়কে— পুলিশ বিভাগ স্বতন্ত্রভাবে নিজরাই এ এয়ার ইউনিট পরিচালনা করবে। পুলিশকে এ জন্য প্রশিক্ষণও দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে সংগঠনের সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে প্রধান তথ্য কর্মকর্তা শামীম চৌধুরী ও বিএসআরএফ সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ, গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনা ঘটে। গুলশানে হামলার ঘটনায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম ও তাহমিদ হাসিব খানকে গ্রেপ্তার করা হয়। গত ৩ আগস্ট পুলিশের পক্ষ থেকে সেটা জানানো হয়। এ মামলায় দুজনকে আট দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে পুলিশ হাসনাতকে হামলার ঘটনায় হওয়া মূল মামলায় গ্রেপ্তার দেখায়। আর তাহমিদকে ৫৪ ধারার মামলায় পুনরায় রিমান্ডে নেয়। রিমান্ড শেষে ২০ আগস্ট তাকে কারাগারে পাঠায় আদালত।
প্রসঙ্গত: গত ১ জুলাই –শুক্রবার রাতে রাজধানীর গুলশানে স্প্যানিস রেস্তোরাঁ হলি আর্টিজানে একদল সন্ত্রাসী হামলা চালায়। রাতেই দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করে তারা। পরে ৩ বাংলাদেশিসহ ২০ জনকে হত্যা করে দুর্বৃত্তরা। শনিবার ভোরে যৌথবাহিনীর কমান্ডো অভিযান থান্ডারবোল্টের মাধ্যমে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।