শিক্ষাখাতে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও সুবিধা বঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য উপযুক্ত পরিবেশ এখনো তৈরি হয়নি। শিক্ষাবাজেট বাড়লেও শিশুশিক্ষায় কতো বরাদ্দ রয়েছে, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা নেই। শিশুদের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও বিশেষ সুরক্ষাসহ সব অধিকার এখনো নিশ্চিত নয়। রাজধানীতে এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।
বাংলাদেশের শিশু: প্রতিশ্রুতি ও অগ্রগতি, ২০১৫ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করেছে দশটি বেসরকারি উন্নয়ন সংস্থা। ৬ কোটি শিশুর উপর তিন বছর ধরে করা এ জরিপ প্রতিবেদনে তৃনমূল পর্যায়ে শিশুদের জন্য সুশাসন, নাগরিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও বিশেষ সুরক্ষাসহ পাঁচটি বিষয়কে গুরুত্ব দেয়া হয়েছে।
এ উপলক্ষে বুধবার বিকেলে শিশু একাডেমিতে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। গবেষকরা বলেন, শিশু শিক্ষার পরিবেশ, বৈষম্য ও নির্যাতনের নানা তথ্য। শিক্ষাখাতে বাজেট বাড়লেও শিশু শিক্ষার বরাদ্দ এখনো সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হয়নি।
এছাড়াও বিদ্যালয়গুলোতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আলাদা অবকাঠামো এখনো গড়ে উঠেনি। আর দেশে এখনো শিশুবান্ধব পরিবেশই তৈরি হয়নি বলে জানান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।
এ সময় তিনি শিশুদের জন্য ভূমিকা রাখতে নারী- শিশু এবং শ্রম মন্ত্রণালয়কে আরো সোচ্চার হওয়ার কথা জানান।