প্রধানমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও ডিপ্লোমা প্রকৌশলীদের সমস্যা সমাধানের কোনো উদ্যোগ কেন নেয়া হচ্ছে না তা খতিয়ে দেখা হবে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
শুক্রবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আইডিইবির প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনকালে তিনি এ আশ্বাস দেন।
দুদিন ব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম এ হামিদ অভিযোগ করেন, ডিপ্লোমা প্রকৌশলীদের নানা সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রী কয়েক দফায় বিভিন্ন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তা সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি।
জনপ্রশাসন মন্ত্রীকে বিষয়টি বিবেচনার জন্য আবারো জানানো হলে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন না হওয়া ভয়ঙ্কর ব্যাপার।
তিনি বলেন, এটি আইনের শাসনের দেশ—আর এক দেশে দুই আইন থাকতে পারে না।
তিনি আরো বলেন, বিষয়টি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা হবে— কোন উদ্দেশ্য আর কি কারণে প্রধানমন্ত্রীর নির্দেশ আলোর মুখ দেখে না সেগুলো খুঁজে বের করা হবে।
আগামী ১৫ দিনের মধ্যে ডিপ্লোমা প্রকৌশলীদের সঙ্গে একান্ত বৈঠক করবেন বলেও আশ্বাস দেন জনপ্রশাসন মন্ত্রী।