চীনের প্রেসিডেন্টের আসন্ন সফরে দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে দ্বিপাক্ষিক চুক্তির খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
চীনের প্রেসিডেন্টের সফরের সময় চুক্তিটি সাক্ষরিত হবে। বৈঠকে সরকারি ও বেসরকারি পর্যায়ে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন- ২০১৬ এর খসড়ায়ও মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে, শুক্রবার চীনের প্রেসিডেন্টের সফরকে সামনে রেখে বাংলাদেশ ও চীনের মধ্যে সক্ষমতা ও উৎপাদন বাড়াতে দ্বিপাক্ষিক চুক্তির খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভা।
বৈঠক শেষে সংবাদ সম্মেলন মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, চীনের প্রেসিডেন্টের উপস্থিতিতেই সাক্ষরিত হবে চুক্তিটি।
বৈঠকে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম যাচাই করে এ বিষয়ে স্বীকৃতি দিতে অ্যাক্রেডিটেশন কাউন্সিলেরও অনুমোদন দেওয়া হয়েছে। সরকারের কাছে কাউন্সিলের সদস্যদের জবাবদিহিতার বিধান রাখা হয়েছে।
এছাড়াও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট আইন, বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে নাফ নদীর সীমানা নিশ্চিতকরণে অনুসমর্থন প্রস্তাব অনুমোদনের কথাও জানান মন্ত্রীপরিষদ সচিব।