আগামীকাল (বুধবার) পবিত্র আশুরা— আশুরা উদযাপনকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা রক্ষায় তাজিয়া মিছিলে সব ধরণের ছুরি ও চাকু বহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রাজধানীতে শিয়া সম্প্রদায়ের উপাসনালয় হোসেনীদালান ইমামবাড়ার চারদিকে বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। আটক করা হয়েছে বেশ কয়েকজন সন্দেহভাজনকে। গতবছর তাজিয়া মিছিলের প্রস্তুতিপর্বে জঙ্গি হামলার কথা বিবেচনা করেই এবার বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।
উপমহাদেশে শিয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় উপাসনালয়, পুরান ঢাকার বকশিবাজারে অবস্থিত এই হোসেনী দালানে। আশুরার তাজিয়া মিছিলও বের হয় এখান থেকেই।
আশুরাক কেন্দ্র করে, এখানে ভিড় করেন শিয়াদের পাশাপাশি অন্যরাও। প্রতি বছরের মতো এবারো সাজানো হয়েছে এখানকার ইমাম বারা। গত বছরের নাশকতার ঘটনার পরিপ্রেক্ষিতে এবার নেওয়া হয়েছে বাড়তি সর্তকতা।
পুরো এলাকা জুড়ে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। বাড়তি আলোরও ব্যবস্থা করা হয়েছে। সার্বক্ষণিক টহলে থাকছে আইনশৃঙ্খলা বাহিনী।
আশুরার আয়োজনকে নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সব ব্যবস্থাই নেয়া হয়েছে, পরিদর্শনে গিয়ে এ কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
নিরাপত্তার কারণে তাজিয়া মিছিলের সময় প্রচলিত মাতমের অংশ হিসেবে সব ধরণের ছুরি ও চাকু বহন নিষিদ্ধ করা হয়েছে।
এরইমধ্যে হোসেনী দালানের আশেপাশের এলাকা থেকে সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
এদিকে, নাশকতা ঠেকাতে শিয়া বাসিন্দাদের পক্ষ থেকেও প্রায় ২০০ এর মতো নিরাপত্তা কর্মী থাকছে। নির্বিঘ্নে আশুরার আনুষ্ঠানিকতা পালন করতে পারবেন এমনটাই প্রত্যাশা দেশের শিয়া সম্প্রদায়ের মানুষের।