যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র আশুরা। কারবালার বিয়োগান্তক ঘটনা স্মরণে রাজধানীর হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু করেছেন শিয়া সম্প্রদায়ের লোকজন।
বুধবার সকাল ১০টার কিছুক্ষণ পর মিছিলটি শুরু হয়। এটি বকশিবাজার, লালবাগ, সায়েন্স ল্যাবরেটরি হয়ে ধানমণ্ডি ২ নম্বরে লেকের কাছে প্রতীকী কারবালায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
মিছিলে অংশগ্রহণকারীরা হাতে লাল পতাকা ও মাথায় কালো কাপড় বেধে 'হায় হোসেন', 'হায় হোসেন' মাতম করছেন।
এবার তাজিয়া মিছিলকে ঘিরে হোসেনি দালানসহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
তাজিয়া মিছিলে সব ধরণের ছুরি ও চাকু বহনে এরইমধ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
হোসেনি দালান ইমামবাড়ার চারদিকে বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা।
গতবছর তাজিয়া মিছিলের প্রস্তুতিপর্বে জঙ্গি হামলার কথা বিবেচনা করেই এবার বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।