যে কোনো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন যথেষ্ট সক্ষমতা অর্জন করেছে এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবুজ বেষ্টনী তৈরির জন্য রামপালে ৫ লাখ গাছ লাগানো হবে
বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী; ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকূলীয় এলাকায় ১৫৩টি আশ্রয় কেন্দ্র উদ্বোধনের সময় এ কথা বলেন।
সচেতন থাকলে যে কোনো দুর্যোগ মোকাবেলা সম্ভব উল্লেখ করে সবাইকে এ ব্যাপারে আরো সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
'দুর্যোগ ঝুঁকি কমাতে হলে, কৌশলসমূহ বলতে হবে' প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটি উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকূলীয় এলাকায় ১৫৩টি আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, সচেতন থাকলে যে কোনো দুর্যাগ মোকাবেলা সম্ভব।
এ সময় ঘূর্ণিঝড়, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ ও সাফল্যের কথা তুলে ধরেন তিনি।
প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসে বৃক্ষরোপনের ওপর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সবুজ বেষ্টনী গড়ে তোলার জন্য রামপালে ৫ লাখ গাছ লাগানো হবে।
এছাড়া বিশ্ব জলবায়ুর উষ্ণতা মোকাবেলায় বাংলাদেশের বিভিন্ন পরিকল্পনা ও পদক্ষেপ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।