টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষিণ এশীয়ার দেশগুলোকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। শনিবার রাজধানীতে নবম দক্ষিণ এশীয় অর্থনৈতিক সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ক্ষুধা, দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণারও আহ্বান জানিয়ে আবদুল হামিদ বলেন, প্রতিবেশীদেশগুলো সহযোগিতা করলে নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশের পক্ষে এসডিজি অর্জন সহজ হবে।
২০৩০ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলো যেনো নিজেদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে সেজন্য তাদের প্রতি আহ্বানও জানান তিনি।
নারীদের অংশগ্রহণ ছাড়া কোনো দেশ সামনে এগিয়ে যেতে পারবে না উল্লেখ করে প্রতিটি কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিতেরও আহ্বান জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ।
আগামীতে দক্ষিণ এশীয় অর্থনৈতিক সামিটকে আরো শক্তিশালী করার পাশাপাশি এ সামিটে নির্ধারিত বিষয়গুলো বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন তিনি।