ধর্মকে ব্যবহার করে যারা জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে তাদের রুখতে আলেম সমাজকে ধর্মের সঠিক ব্যাখ্যা তুলে ধরার আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এ সময় কওমি শিক্ষাসনদকে স্বীকৃতি দেয়ার পাশাপাশি মাদ্রাসা শিক্ষায় বৈষম্য দূর করার দাবি জানান আলেমরা।
কওমি শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ সোমবার বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অডিটরিয়ামে "কওমি মাদ্রাসা শিক্ষাসনদ: গুরুত্ব ও প্রয়োজনীয়তা" শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তারা। এতে দেশের কওমি মাদ্রাসার আলেমরা অংশ নেন।
কক্তারা বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ-মওদুদীবাদের সঙ্গে কওমি মাদ্রাসার কোনো সম্পর্ক নেই।
কওমি শিক্ষাসনদ স্বীকৃতি দেয়ার দাবি জানিয়ে আলেমরা বলেন, মওদুদী মতাদর্শের কারণে কওমি শিক্ষা ব্যবস্থা হুমকির সম্মুখীন। কওমি মাদ্রাসা জঙ্গিবাদ সমর্থন করে না।
বাংলাদেশ জমিয়াতুল উলামার চেয়ারম্যান ও শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ মাদ্রাসা শিক্ষায় বৈষম্য দূর করার দাবি জানান।
সেমিনারে স্বরাষ্ট্রমন্ত্রী এ শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে প্রধানমন্ত্রীর সমর্থনের কথা ব্যক্ত করেন।
মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সরকার শিগগিরই আলেম সমাজের এ দাবি বাস্তবায়ন করবে।
ধর্মকে ব্যবহার করে যারা জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে তাদের অপচেষ্টা রুখতে আলেম সমাজকে সাধারণ মানুষের মাঝে ধর্মের সঠিক ব্যাখ্যা তুলে ধরার আহ্বানও জানান মন্ত্রী।