রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় যারা অর্থের জোগান দিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মনিরুল ইসলাম বলেন, হলি আর্টিজানে জঙ্গি হামলার অর্থের জোগানদাতা রোকনউদ্দিন খন্দকার। যিনি সিরিয়ায় পাড়ি জমানো এক চিকিৎসক, জঙ্গি সংগঠনটিকে (নব্য জেএমবি) বিপুল অর্থ দান করে গেছেন।
তিনি বলেন, পুলিশি অভিযানে নিহত মেজর (অব.) জাহিদুল ইসলাম ,জঙ্গি তানভীর কাদেরী তার ফ্ল্যাট বিক্রি টাকা সংগঠনকে দিয়েছেন।
মনিরুল ইসলাম বলেন, বিদেশে থাকা জঙ্গি সদস্যের কাছ থেকেও অর্থ এসেছে— আরও অর্থদাতা থাকতে পারেন। তাদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে।
গত এক জুলাই রাতে গুলশানের হলি আর্টিজানে হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় ২০ জন দেশি-বিদেশি নাগরিককে হত্যা করা হয়।
জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে পুলিশের দুই কর্মকর্তা নিহত হন। পরদিন সকালে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হন।