পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে দুর্নীতির প্রমাণ দিতে না পারলে বিএনপি'র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
পদ্মা সেতু নিয়ে বিএনপি নেতাদের দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রী এ কথা জানান।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সকালে জাতীয় চিত্রশালায় যুবলীগের আলোচনা সভায় তিনি আরও জানান, ওই প্রকল্পে কিভাবে দুর্নীতি হয়েছে সেটা প্রমাণ করতে না পারলে বিএনপি'র যেসব নেতারা এমন অভিযোগ করেছেন তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
ওবায়দুল কাদের বলেন, নিজস্ব সক্ষমতায় বাংলাদেশ পদ্মা সেতু নির্মাণ করছে— যে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ করেছিল সেই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নিজের অর্থে বাংলাদেশ কিভাবে পদ্মাসেতু নির্মাণ করছে তা দেখতে এসেছেন।
বিএনপির যেসব নেতার গা থেকে এখনও দুর্নীতির গন্ধ যায়নি তারা এখন দুর্নীতির অভিযোগ করছেন—এ অভিযোগ করেছেন ভালো, তবে তা প্রমাণ করুন তা না হলে মামলা করা হবে জানান মন্ত্রী।
আওয়ামী লীগের আসন্ন কাউন্সিলের মাধ্যমে আগামী নির্বাচনের সার্বিক প্রস্তুতির শুরু হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, নবীন-প্রবীণের সমন্বয়ে দলের নতুন আদর্শ কমিটি হবে।