বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় প্রবীণ রাজনীতিবিদ বামপন্থি নেতা অজয় রায়কে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে।
বুধবার সকালে রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক নেতাসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান প্রবীণ এই রাজনীতিবীদকে।
গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদিতে তাকে সমাহিত করা হবে। রাজধানীর একটি হাসপাতালে সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান কমরেড অজয় রায়।
কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বুধবার সকালে প্রবীণ রাজনীতিবিদ বামপন্থি নেতা অজয় রায়ের মরদেহ নেয়া হয়। এ সময় মুক্তিযোদ্ধা হিসেবে পুলিশের একটি চৌকস দল তাকে সম্মান জানায়।
এরপরেই অজয় রায়ের প্রতি শ্রদ্ধা জানান রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক নেতাসহ সর্বস্তরের মানুষ। আত্মভোলা এই মানুষটি সবসময়ই দেশের খেটে খাওয়া মানুষের জন্য যে আত্মত্যাগ করেছেন তা স্মরণ করেন সতীর্থরা।
রাজনীতির একজন দীক্ষাগুরুকে হারিয়ে এই অঙ্গণে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা কোনোদিন পূরণ হবার নয় বলে মনে করেন তারা।
অসাম্প্রদায়িক, দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন অজয় রায় দেখেছেন তা পূরণের চেষ্টা অব্যাহত রাখার দৃপ্ত শপথও নেন তার সুহৃদরা।