জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন আসছে কি-না? তা নিয়ে আলোচনা ব্যাপক ডালপালা মেলতে শুরু করেছে। সভাপতি পদে শেখ হাসিনা অপ্রতিদ্বন্দ্বী হলেও সম্মেলনে সাধারণ সম্পাদক পদে কোনো পরিবর্তন হবে কি-না? সে আলোচনাতে মুখর দলীয় নেতাকর্মীরাও।
সম্প্রতি দলের সভানেত্রী ও সাধারণ সম্পাদকও নতুন নেতৃত্বের আভাস দেন— বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম দলীয় নেতৃত্বে আসছেন কি-না? রয়েছে তেমন গুঞ্জনও !!
এসব জল্পনা-কল্পনার মুখে নেতারা বলছেন, সব কিছুই শেখ হাসিনার হাতে। আর অপেক্ষা করতে হবে ২৩ অক্টোবর পর্যন্ত।
সম্প্রতি দলের সভানেত্রী শেখ হাসিনা আর সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এমন বক্তব্যে আওয়ামী লীগের কর্মী সমর্থক সবার মাঝেই গুঞ্জন কেমন নেতৃত্ব আসছে এবারের সম্মেলনে?
সম্মেলনে রংপুর বিভাগ থেকে কাউন্সিলর হয়ে যোগ দেবেন বঙ্গবন্ধুর দৌহিত্র, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। আগ্রহ আর কৌতুহল তাকে ঘিরেই সবচেয়ে বেশি।
নেতারা বলছেন, কেমন হবে আওয়ামী লীগের আগামী নেতৃত্ব, সেটি একান্তই নির্ভর করছে দলের সভানেত্রী শেখ হাসিনার ওপর।
সভাপতিমণ্ডলীর সদস্য সংখ্যা বাড়ছে ৪ জন, যুগ্ম সাধারণ সম্পাদক বাড়ছে একজন, সাংগঠনিক সম্পাদক বাড়ছে একজন আর সদস্য বাড়ছে ২ জন।
এসব পদে কারা আসছেন, কারা বাদ পড়ছেন? সবকিছুই নির্ধারিত হবে কাউন্সিল অধিবেশনে।