আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন আগামীকাল (শনিবার)— ২ দিনের এ সম্মেলনকে সফল করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরইমধ্যে বেশিরভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। সুন্দরভাবে সব কার্যক্রম সম্পন্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন নেতারা।
এদিকে, সম্মেলন স্থলকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত এখন চলছে শেষ মুহূর্তের কাজ। দলের ধানমণ্ডি কার্যালয় আর সম্মেলন ভেন্যু সোহরাওয়ার্দী উদ্যান নেতাকর্মীদের পদচারনায় মুখর। দলের আর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।
দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনস্থল পরিদর্শনে যায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
এরইমধ্যে সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে উল্লেখ করে সুন্দরভাবে সব কার্যক্রম শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের।
দলের পরবর্তী সাধারণ সম্পাদক হওয়া নিয়ে তাকে ঘিরে গুঞ্জনের বিষয়ে সাংবাদিদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সময় হলে সব কিছুর উত্তর জানা যাবে।
এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক বলেন, কোনো পদে একাধিক প্রার্থী থাকলে ভোটগ্রহণ করা হবে।