আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে এবারের সম্মেলনের মাধ্যমে নেতাকর্মীদের প্রতি প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হবে জানিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন, ২০১৯ সালের নির্বাচনী প্রতিশ্রুতিও এ সম্মেলনের মাধ্যমে প্রচার শুরু হবে।
বিএনপি সেই নির্বাচনে অংশ নিতে জনগণের পাশে থেকে দলীয় কার্যক্রম বেগবান করলে আওয়ামী লীগ তাতে কোনো ধরণের বাধা দিবেনা বলেও জানান তারা।
২০১৯ সালে জাতীয় নির্বাচনের আগে শেষবারের মতো অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। এ সম্মেলনকে আগামী জাতীয় নির্বাচনের প্রচার ও প্রচারণা মাধ্যম হিসেবেগ্রহণ করেছে দলটি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, আওয়ামী লীগকে ভোট দিলে জনগণের কী প্রত্যাশা পূরণ হবে সেই দিক নির্দেশনার পাশাপাশি ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার বিভিন্ন পদক্ষেপের ইঙ্গিত এ সম্মেলনের মাধ্যমে দেয়া হবে।
বিএনপি অতীত থেকে শিক্ষা নিয়ে জ্বালাও-পোড়াও রাজনীতি পরিহার করে এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নেবে—এমনটাও আশা করেন তিনি।
আর গণতন্ত্রের ধারাকে সুসংহত রাখতে বিএনপিসহ সকল রাজনৈতিক দল যেনো আগামী নির্বাচনে অংশ নেয় সে বিষয়ে সরকার সচেষ্ট বলে জানিয়েছেন দলটির আরেক নেতা নূহ উল আলম লেনিন।