বঙ্গবন্ধু সাটেলাইট উৎক্ষেপণ প্রক্রিয়ার প্রায় অর্ধেক কাজ শেষ— আগামী বছরের ডিসেম্বরেই যুক্তরাষ্ট্রের কেপ ক্যানাভেরাল লঞ্চপ্যাড থেকে বঙ্গবন্ধু সাটেলাইট-১ উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
বঙ্গবন্ধু সাটেলাইট উৎক্ষেপণ প্রক্রিয়ার সবশেষ অগ্রগতি জানাতে শুক্রবার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তারানা হালিম বলেন, প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয়ে ফ্রান্সে বঙ্গবন্ধু সাটেলাইট নির্মাণের কাজ চলছে। যে গতিতে কাজ চলছে তাতে আগামী বছরের নভেম্বরেই নির্মাণ কাজ পুরোপুরি শেষ হবে।
ডিসেম্বরে সফলভাবে উৎক্ষেপণ করতে পারলে ২০১৮ সালে এটি বাণিজ্যিক অপারেশনে যাবে বলে জানান প্রতিমন্ত্রী।
আর বন্ধ হয়ে যাওয়া সিটিসেলের কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া-বেতন ভাতা পরিশোধে সরকার কোন দায় নেবে না বলেও জানান তারানা হালিম।
দেনার দায়ে বন্ধ হয়ে যাওয়া মোবাইল ফোন অপারেটর সিটিসেল নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের দায় সরকার নেবে না।
তরঙ্গ ও নবায়ন ফিসহ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের পাওনা পরিশোধ করতে না পারায় বৃহস্পতিবার সিটিসেল বন্ধ করে দিয়েছে সরকার।