আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অধিবেশনে বিকেলে নিজ বিভাগের রিপোর্ট পেশ করেন আওয়ামী লীগের বিভিন্ন জেলার নেতারা।
এ সময় তারা এবারের কমিটিতে প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে সম্মানজনক পদ দেয়ার দাবি জানান। কাল সকালে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে দলের ভবিষ্যত নেতা নির্বাচন করা হবে।
মধ্যাহ্ন ভোজের পর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় সম্মেলনের কাউন্সিল অধিবেশন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছাড়াও অংশ নেন প্রায় সাড়ে ছয় হাজার কাউন্সিলর।
অধিবেশনে দেশের ৮টি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন জেলার আওয়ামী লীগের সভাপতি দলীয় রিপোর্ট পেশ করেন। নিজ এলাকায় আওয়ামী লীগের কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি ভবিষ্যত কর্মপরিকল্পনাও তুলে ধরেন তারা।
বক্তারা এ সময় এবারের কমিটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে কমিটিতে রাখার জোর দাবি জানান।
পরে প্রধানমন্ত্রী যেসব জেলা থেকে দলীয় রিপোর্ট জমা দেয়া হয়নি তাদের দ্রুত পেশ করার নির্দেশ দেন।
দলের গঠনতন্ত্র অনুযায়ী, আগামীকাল রোববার বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের কথাও জানান আওয়ামী লীগ সভানেত্রী।