ক্ষমতাসীন দলে সাধারণ সম্পাদকের পদ পাওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে অংশ নিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
নির্ধারিত সময়ের অনেকটা আগেই সোমবার সচিবালয়ের নিজ দপ্তরে পৌঁছান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাকে।
পরে মন্ত্রীসভার বৈঠকে যোগ দিলে, সেখানেও তাকে সহকর্মীরা শুভেচ্ছা জানান। দুই ঘণ্টার বৈঠক শেষে বেরিয়ে এসে সবাইকে শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেননি তিনি।
তবে মুখ খোলেননি আওয়ামী লীগের গত দুই মেয়াদের সাধারণ সম্পাদক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সাংবাদিকদের নানা প্রশ্ন এড়িয়ে বলেছেন, পরে একদিন কথা হবে।
দুইদিনের জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে আগামী তিন বছরের জন্য পরবর্তী নেতৃত্ব বেছে নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ।
গত ৩৫ বছর ধরে দলকে নেতৃত্ব দিয়ে আসা শেখ হাসিনা আবারো সভাপতি নির্বাচিত হন কাউন্সিলে আর এ প্রথমবারের মতো নির্বাচিত হলেন ওবায়দুল কাদের।