বাংলাদেশকে সমুদ্রবন্দর ব্যবহারে বিশেষ সুবিধা দিতে যাচ্ছে শ্রীলঙ্কা এরফলে সব ধরনের জাহাজ ট্রানজিট ছাড়া সরাসরি দেশটিতে যাতায়াত করতে পারবে।
আর এতে বাংলাদেশের নৌ শ্রমিকরা দেশটিতে চাকরির সুযোগ পাবেন।
ঢাকায় অনুষ্ঠিত দুদেশের সচিব পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।
তিনি বলেন, শিগগিরই এ বিষয়ে দুদেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হবে।
সচিবালয়ে অনুষ্ঠিত প্রথম বারের মতো সচিব পর্যায়ের বৈঠকে প্রাথমিকভাবে একটি সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী দুইদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজ উভয় দেশেই বন্দরে বিশেষ সুবিধা পাবে।
পাশাপাশি শ্রীলঙ্কার বন্দরে বাংলাদেশি জাহাজ বার্থিং ট্যারিফ কনসেশন পাবে। এছাড়া চট্টগ্রাম ও কলম্বো বন্দরের মধ্যে ফিডার সার্ভিস চালু, সমুদ্রগামী জাহাজের লিজ ও ক্রয়, বাংলাদেশি নাগরিকদের চাকরি ও প্রশিক্ষণের সুবিধা থাকবে।
মন্ত্রী বলেন, এর ফলে বর্হিবিশ্বে বাণিজ্যে বাংলাদেশের আমদানি রপ্তানি সহজ হবে এবং পণ্য রপ্তানির সময় ও ব্যয় কমবে।
এছাড়া শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়বে। এসব বিষয় চূড়ান্ত করতে তিন দিনের সফরে শ্রীলঙ্কার নৌ পরিবহন সচিব এল পি জেয়ামপেথি সোমবার ঢাকায় এসেছেন।