রাজধানীর গুলশানে ইতালীয় নাগরিক তাবেলা সিজার হত্যায় নব্য জেএমবির সংশ্লিষ্টতা পায়নি পুলিশ জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
বুধবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মনিরুল বলেন, এই হত্যায় যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে তাদের বিরুদ্ধে বিচারকাজ শুরু হয়েছে।
তাদের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে— দেশের বাইরে থাকায় এ মামলার অন্যতম আসামি বিএনপি নেতা কাইয়ুমকে দেশে ফিরলেও গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।
তাবেলা হত্যায় নব্য জেএমবি জড়িত বলে র্যা ব প্রধানের বক্তব্য প্রসঙ্গে মনিরুল বলেন, প্রশাসনের ঊচ্চপর্যায়ের কোনো কর্মকর্তা এমন কথা বলতে পারে না বলেই তার বিশ্বাস।
এর আগে, গত ২২ অক্টোবর এক সংবাদ সম্মেলনে র্যা ব ডিজি বেনজির আহমেদ বলেন, নব্য জেএমবির বাংলাদেশ প্রধানের নির্দেশেই তাবেলাকে গুলি করে হত্যা করা হয়।
গতকাল ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
বিএনপি নেতা এম এ কাইয়ুমসহ সাত জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ মামলায় ২৪ নভেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছ।
উল্লেখ, গতবছর ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে ইতালীয় নাগরিক তাভেল্লাকে (৫১) গুলি করে হত্যা করা হয়। তারপর ২৬ অক্টোবর ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমের ভাই আব্দুল মতিন, তামজিদ আহম্মেদ রুবেল ওরফে শুটার রুবেল, রাসেল চৌধুরী ওরফে চাকতি রাসেল, মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগ্নে রাসেল ও সাখাওয়াত হোসেন ওরফে শরীফকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যেয় ভাগ্নে রাসেল, চাকতি রাসেল, শরীফ ও রুবেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।