বেতন-ভাতা বাড়ানোর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
রাজধানীর ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে বুধবার সকালে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে মানববন্ধন করে তারা।
বার বার বেতন বাড়ানোর দাবি জানালেও হাসপাতাল কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নেওয়ায় শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি দেয়া হয়েছে বলে জানান তারা।
তাদের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ইন্টার্ন চিকিৎসকদের বেতন বাড়ানো হলেও হাসপাতাল কর্তৃপক্ষ তা মানছে না।
দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা।
তবে ইন্টার্ন চিকিৎসকদের দাবি অযৌক্তিক উল্লেখ করে নিয়ম অনুযায়ী বেতন-ভাতা দেয়া হচ্ছে বলে জানিয়েছে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যাপক এএসএম মনিরুল আলম।