শিশু অধিকার রক্ষা ও তাদের সুরক্ষায় সামাজিক সচেতনতা সৃষ্টি করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাইল্ড হেল্পলাইন ‘ওয়ান জিরো নাইন এইট’ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যে কোনো শিশু বিপদে পড়লে এ হেল্প লাইনে ফোন করলে সাহায্য পাবে। ২৪ ঘণ্টাই ‘ওয়ান জিরো নাইন এইট’ নম্বরে ফোন করলে যে কোনো শিশু অধিকার লঙ্ঘন, নির্যাতন, নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে সহায়তা পাওয়া যাবে।
সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে প্রত্যক্যেরই দায়িত্ব শিশুদের নিরাপত্তা দেয়া বলেও জানান শেখ হাসিনা।
তিনি আরো বলেন, বাংলাদেশকে দারিদ্রমুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। ছেলেমেয়েদের লেখাপড়া শেখানো হচ্ছে, বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রত্যেকটি ছেলে-মেয়েকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে বর্তমান সরকার।
এ সময় সমাজের সকল স্তরের মানুষের মধ্যে যেন সচেতনতা গড়ে উঠে সে আহ্বান জানান প্রধানমন্ত্রী।