সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলে সর্বাত্মক চেষ্টা করছে এবং এক্ষেত্রে যথেষ্ট সফলতা এসেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
শারদীয় দুর্গোৎসব-উত্তর বিজয়া সম্মেলনে রাষ্ট্রপতি বলেন, ধর্মবর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে।
বিশ্বে বাংলাদেশের এই অর্জন প্রশংসিত হয়েছে— উদার গণতান্ত্রিক ও সমৃদ্ধ দেশ গড়তে সব ভেদাভেদের উর্ধ্বে উঠে সবাইকে একযোগে কাজ করতে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শুক্রবার বিকেলে শারদীয় দুর্গোৎসবের বিজয়া সম্মিলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে, সর্ব ধর্মের উৎসবে সর্বস্তরের মানুষের অংশ গ্রহণে প্রশংসা করেন রাস্ট্রপতি।
বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক মূল্যবোধ শক্তভিত্তির ওপর দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি।
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে বর্তমান সরকারের সফলতা বিশ্বে প্রশংসা অর্জন করেছে উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ বিশ্বের বুকে শান্তি ও সমৃদ্ধির দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে।
এসময় সামাজিক বা ধর্মভিত্তিক বিভাজন থেকে জাতিকে মুক্ত রাখতে সবার প্রতি আহ্বান জানান আবদুল হামিদ।
আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশ হবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।