মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে বিরত থেকে নিজের কর্মশক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে যুবসমাজকে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
যুবশক্তিকে দেশের উন্নয়নের প্রাণ উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশের যুবসমাজকে মানবসম্পদে পরিণত করার তাগিদ দেন। এ সময় যুবসমাজের জন্য বিভিন্ন প্রশিক্ষণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও তাদের উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন।
ওসমানী স্মৃতি মিলনায়তনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত জাতীয় যুব দিবসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশে এখন বহুমুখী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে—কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আগের তুলনায় বেড়েছে বলে উল্লেখ করেন তিনি।
এ সময় দেশের যুবসমাজকে স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে বিনা জামানতে ঋণ দেয়া হচ্ছে।
যুবসমাজকে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার চালিকাশক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদেরকে মানবসম্পদে পরিণত করে উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে।
এ সময় নিজেদের কর্মশক্তিকে কাজে লাগাতে যুবসমাজকে তাগিদ দেন তিনি।
দেশে উন্নয়নের অগ্রযাত্রা কেউ ঠেকাতে পারবে না টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও সফল হবে বাংলাদেশ- এমন দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
এ সময় কারো কাছে হাত না পেতে নিজের পায়ে দাঁড়িয়ে দেশ ও সমাজ গড়ার কাজে অবদান রাখতে যুব সমাজের প্রতি আহ্বান জানান তিনি।