শোকাবহ জেলহত্যা দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানান আওয়ামী লীগসহ এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে বনানী কবরস্থানে ও রাজশাহীতে শহীদ জাতীয় ৪ নেতার সমাধিতে শ্রদ্ধা জানান হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোঃ নাসিম বলেন, আদর্শের প্রতি শেষ মুহুর্ত পর্যন্ত আপসহীন ছিলেন জাতীয় চার নেতা। বিএনপির তথাকথিত বিপ্লব দিবস আওয়ামী লীগ প্রতিহত করবে না। কোনো পরিস্থিতি তৈরি হলে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শোকাবহ জেলহত্যা দিবসে বৃহস্পতিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে দলের নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এসময় নেতারা কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থাকেন।
দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোঃ নাসিম বলেন, নীতি আদর্শের প্রশ্নে কখনো আপোষ করেননি বঙ্গবন্ধুর এ চার সহচর।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসিম বলেন, ৭ নভেম্বর বিএনপির তথাকথিত বিপ্লব দিবস জনগণ মানে না।
প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বনানী কবরস্থানে শহীদ সৈয়দ নজরুল ইসলাম, শহীদ তাজউদ্দীন আহমদ ও শহীদ এম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় ১৫ আগস্ট নিহতদের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন নেতারা।