পঞ্চাশ বছর পর দখলমুক্ত করা হলো বনানী কবরস্থান সংলগ্ন ১০ কাঠা জায়গা—বাংলাদেশের স্বাধীনতাবিরোধী পূর্ব পাকিস্তানের তৎকালীন গভর্নর মোনায়েম খান ও তার পরিবারের দখলে ছিল এ জায়গা।
দীর্ঘকাল এ জায়গাটি বেদখল থাকলেও সরকারের কোনো সংস্থা ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হক।
কেন এত বছরেও এ বিষয়ে ব্যবস্থা নেয়া হয়নি তা তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
এছাড়া রেলওয়ে, রাজউকও ঢাকা সিটি করপোরেশনের জায়গা উদ্ধারে গণমাধ্যমের সহযোগিতা চান আনিসুল হক।
বনানী কবরস্থান সংলগ্ন এই বাড়িটি স্বাধীনতাবিরোধী ও পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর মোনায়েম খানের পরিবারের। পাঁচ বিঘা জায়গার ওপরে বাড়িটি হলেও নির্ধারিত জায়গার চেয়ে ১০ কাঠা বেশি জায়গা গত পঞ্চাশ বছর ধরে দখল করে রেখেছে তার পরিবার।
রাজউকও ঢাকা উত্তর সিটির জরিপে দেখা গেছে, জায়গাটির মালিক ঢাকা উত্তর সিটি করপোরেশন। ৭দিন আগে নোটিশ দেয়া হয় উচ্ছেদের, কিন্তু দখলদাররা স্থাপনা সরিয়ে না নিলে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালায় সিটি করপোরেশন। প্রায় ঘন্টাখানেকের অভিযানে গুঁড়িয়ে দেয়া হয় পঞ্চাশ বছরের অবৈধ দখলদারিত্ব।
দখলদার স্বাধীনতাবিরোধী হওয়া সত্ত্বেও গত পঞ্চাশ বছরে কোনো ব্যবস্থা নেয় হয়নি। জায়গাটির মালিকানা বাতিল ও কেন ব্যবস্থা নেয়া হয়নি তা তদন্তের দাবি জানান উত্তরের মেয়র।
এছাড়া ঢাকার অবৈধ ফুটপাত, রেলওয়ে ও রাজউকের বেদখল জায়গা উদ্ধারে গণমাধ্যমের সহযোগিতা চান তিনি ।
উচ্ছেদ করা জায়গা পার্কিং ও ফুটপাথ তৈরি করে গাছ লাগানোর কথা জানান ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র।