ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে রাখে তারা।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান শেষে শাহবাগ দিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের গাড়ি বিক্ষোভকারীরা ঘিরে ধরেন। পরে এক পর্যায়ে হানিফ গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন তিনি।
বিক্ষোভকারীদের তোপের মুখে পড়ার বিষয়ে হানিফ সাংবাদিকদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠান শেষে শাহবাগে পৌঁছালে আন্দোলনকারী কিছু ছাত্র গাড়ি রোধ করে। পরে গাড়ি নেমে সংহতি প্রকাশ করি।
পরে রাস্তা অবরোধের আধা ঘণ্টা পর আন্দোলনকারীরা পরবর্তী কর্মসূচির ঘোষণা করে শাহবাগ মোড় থেকে সরে যায়। সন্ধায় আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করবে বলে ঘোষণা দেয়।
এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। সেখান থেকেও কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচিতে যোগ দেন।