পল্লী সঞ্চয় ব্যাংকের সঙ্গে সরকারের "একটি বাড়ি একটি খামার" প্রকল্প একিভূত রাখতে এ সংক্রান্ত অধ্যাদেশের সংশোধনীর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রকল্পটি ব্যাংকের আওতায় থাকলেও পরিচালিত হবে সমবায় ব্যবস্থাপনার মাধ্যমে।
এছাড়া ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় এবার পার্বত্য চার জেলাসহ ৬৪ জেলায় প্রশিক্ষণ কার্যক্রমের উদ্যোগের প্রস্তাবেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
নবম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রতিশ্রুতিতে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে মহাজোট সরকারের অন্যতম ছিল ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করা। সে অনুযায়ী ক্ষমতা গ্রহণের পরপরই ২০০৯ সালে দেশের কুড়িগ্রাম, বরগুনা এবং গোপালগঞ্জ এ ৩ জেলায় ‘ন্যাশনাল সার্ভিস কর্মসূচি’ শুরু করে সরকার।
ওই কর্মসূচির আওতায় এরই মধ্যে দেশের ৪০টির বেশি জেলার এক লাখের বেশি মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়। দুই হাজারেরও বেশি মানুষ কর্মসংস্থানের সুযোগ পায়। তারই ধারাবাহিকতায় মন্ত্রিসভা এই কর্মসূচি দেশের চার পার্বত্য জেলা সহ ৬৪ জেলায় পরিচালনা করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে।
সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্প পল্লী সঞ্চয় ব্যাংকের সঙ্গে একীভূত রাখতে ‘পল্লী সঞ্চয় ব্যাংক’ অধ্যাদেশের সংশোধনীর খসড়ায়ও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এছাড়াও প্রাক-প্রাথমিক থেকে একাদশ শ্রেণী পর্যন্ত বিদ্যালয় হিসেবে গণ্য করার বিধান যুক্ত করে ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড’ আইনটি ইংরেজি থেকে বাংলা করার প্রস্তাবেও অনুমোদন দেয়া হয়েছে।
আর কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহারের নির্দেশনার বিধান রেখে ‘জাতীয় জৈব কৃষি নীতি’তে অনুমোদন দেয়া হয়েছে।