বাংলাদেশের স্বাধীনতাবিরোধী- পূর্ব পাকিস্তানের তৎকালীন গভর্নর মোনায়েম খান ও তার পরিবারের কাছ থেকে দখলমুক্ত সম্পত্তিতে বিশেষায়িত হাসপাতাল স্থাপনের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধাসহ বিশিষ্টজনেরা। শনিবার সকালে রাজধানীর বনানীতে মোনায়েম খানের বাড়ির সামনে মানববন্ধনে এ দাবি করে তারা।
সেইসঙ্গে সকল যুদ্ধাপরাধীর সম্পত্তি বাজেয়াপ্ত করে তা দুস্থ-অসচ্ছল মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যয় করতে সরকারের প্রতি জোর দাবিএ জানান তারা।
স্বাধীনতাবিরোধী ও তৎকালীন পাকিস্তানের সাবেক গভর্নর মোনায়েম খানের বনানীর বাড়িটির অবৈধ অংশ গত ৩ নভেম্বর উচ্ছেদ করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। পাঁচ বিঘা জায়গার ওপরে বাড়িটি হলেও নির্ধারিত জায়গার চেয়ে ১০ কাঠা বেশি জায়গা গত পঞ্চাশ বছর ধরে দখল করে রেখেছিল তার পরিবার।
উচ্ছেদের সপ্তাহ খানেক পর গণপূর্ত মন্ত্রণালয় জায়গাটির মালিকানা বাতিল করে প্রজ্ঞাপণ জারি করে।
বনানী কবরস্থান সংলগ্ন ওই জায়গাটি মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজে লাগানো ও হাসপাতাল নির্মাণের দাবিতে শনিবার মোনায়েম খানের বাড়ির সামনে মানববন্ধন করে ঘাতক-দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডারস ফোরামসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের ১৮টি সংগঠন।
এতে অংশ নেন মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী, সাহিত্যিক-লেখক, সাংবাদিক ও রাজনীতিকরা। দখলমুক্ত করা এই জায়গাটিতে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের জন্য কবরস্থান করার দাবি জানান মুক্তিযোদ্ধারা।
আর বুদ্ধিজীবীরা বলছেন, মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা কবরস্থান রয়েছে তাই হাসপাতাল নির্মাণ করা হলে জায়গাটির সদ্ব্যবহার হবে।
মানববন্ধনে সংহতি জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকও।