প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগ সংক্রান্ত আইন তৈরির তাগিদ দিয়েছেন দেশের বিশিষ্টজনেরা। একইসঙ্গে ওই আইনে নিরপেক্ষ সার্চ কমিটি গঠনেরও সুযোগ রাখার সুপারিশ করেছেন তারা।
সোমবার সকালে রাজধানীতে আয়োজিত গোলটেবিল আলোচনায় এসব বিষয় তুলে ধরেন তারা।
আইন ছাড়া বর্তমান পদ্ধতিতে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনার নিয়োগ হলে তা প্রশ্নবিদ্ধ হবে বলেও মত দেন তারা। তবে রাজনৈতিক নেতাদের সুপারিশ জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই নির্বাচন কমিশনার নিয়োগ হোক।
বাংলাদেশের ১১তম নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে আর নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় নির্বাচন।
সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিতে নির্বাচন কমিশনার নিয়োগ প্রক্রিয়া কেমন হতে পারে সে বিষয়ে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগে আইন প্রণয়নের ওপর জোর দেন বক্তারা।
তবে এক্ষেত্রে সরকারের সদিচ্ছা গুরুত্বপূর্ণ হলেও ইতিবাচক মনোভাব লক্ষ্য করা যায় না বলে মন্তব্য করেন তারা।
আর বিএনপি, এলডিপি, জাতীয় পার্টির নেতাদের বক্তব্য দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আশা করা যায়না। তাই নির্বাচন কমিশনার নিয়োগ জাতীয় ঐক্যমতের ভিত্তিতে হওয়া উচিত বলে উল্লেখ করেন তারা।
তবে আওয়ামী লীগ নেতাদের মত, জাতীয় ঐক্য সম্ভব নয়। বলেন, নিরপেক্ষ সার্চ কমিটি বা আইন তৈরীর মাধ্যমেও নির্বাচন কমিশনার নিয়োগ হতে পারে।