জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি-6 বাস্তবায়নে জাতীয় কর্মশালার উদ্বোধন করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। তবে প্রধানমন্ত্রী অসুস্থ থাকায় কর্মশালার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
পানি সম্পদ ব্যবস্থাপনায় তথপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খরা, বন্যাসহ বিভিন্ন দুর্যোগ ও ক্ষয়ক্ষতি কমানোর উপায় বের করতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি।
এসডিজি-6 এর ১৭টি লক্ষ্যের মধ্যে ষষ্ঠ লক্ষ্য হল পানি। ‘সবার জন্য নিরাপদ পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা-বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
এতে প্রধানমন্ত্রীর পক্ষে প্রধান অতিথির ভাষণে কৃষিমন্ত্রী জানান, দারিদ্র্য দূরীকরণ, মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাসসহ বিভিন্ন ক্ষেত্রে সফল হওয়ায় এমডিজি লক্ষমাত্রা অর্জনে বাংলাদেশ বিশ্বব্যাপী রোল মডেল হয়েছিল। জানান, এসডিজি বাস্তবায়নেও বাংলাদেশের সাফল্য নিশ্চিত।
এ সময় পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দেশের দক্ষিণে, উপকূল অঞ্চলে ও উত্তরবঙ্গে সুপেয় পানির সমস্যা নিরসনে সরকার নানা উদ্যোগ নিয়েছে। সুপেয় পানির মাত্র ২৫% আসে ভূ-ভাগ থেকে আর বাকি ৭৫% পূরণ হয় ভূ-গর্ভস্থ পানি থেকে। এটি দীর্ঘদিন ধরে চলতে থাকলে ভবিষ্যতে সুপেয় পানির অভাব হতে পারে।