গত ১০ বছরে দেশে প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে তবে প্রানহানির সংখ্যা ও ক্ষয়ক্ষতি কমেছে। দুর্যোগ ব্যবস্থাপনার উন্নতির কারণেই ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়েছে। বুধবার সকালে রাজধানীতে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে উপকুলীয় অঞ্চলে আরো ২২০টি সাইক্লোন সেন্টার নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
বিশ্ব জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা— বাড়ছে ক্ষয়ক্ষতি। ওয়ার্ড ডিজাসটার্স রিপোর্ট অনুযায়ী গত ১০ বছরে সারা বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে ৬ হাজারেও উপরে। এর মধ্যে প্রায় আড়াই হাজার এশিয়াতেই।
প্রতিবদেন অনুযায়ী, এ সময় এশিয়ায় প্রাকৃতিক দুর্যোগের কারণে নিহত হয়েছে প্রায় ৪ লাখ মানুষ, ক্ষতিগ্রস্ত হয় প্রায় সোয়া ১৫ লাখ এবং আর্থিক ক্ষতির পরিমাণ ৭৫ হাজার কোটি ডলারের বেশি। সারা বিশ্বের মতো বাংলাদেশেও প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। তবে দুর্যোগ ব্যবস্থাপনায় উন্নতি হয়েছে।
তথ্যানুযায়ী, ২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশে নিহত হয়েছে ৯,৯০৬ জন আর তার আগের ১০ বছরে এ সংখ্যা ছিল ১০,৮৮২ জন।
আর প্রাকৃতিক দুর্যোগে ২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল সাড়ে চার কোটির কিছু বেশি— যা আগের ১০ বছরে ছিল ৭ কোটিরও বেশি। ক্ষয়ক্ষতি আরও কমিয়ে আনতে, দরকার আরও বিনিয়োগ।
প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে লড়াই আরো জোরদার করতে বাংলাদেশ শতকোটি মানুষের বিশ্ব জোটে যোগ দিবে বলেও জানানো হয়।