বিশ্বব্যাপী অভিবাসন সংকট মোকাবেলায় করণীয় ঠিক করতে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি) এর নবম আন্তর্জাতিক সম্মেলন। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সচিব মোহাম্মদ শহিদুল হক।
তিনি বলেন, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে ওই সম্মেলনে অভিবাসন সমস্যার জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট তুলে ধরা হবে।
অভিবাসন ও উন্নয়নকে বিশ্বব্যাপী এক সুতোয় গাঁথার লক্ষ্য নিয়ে ২০০৭ সালে বেলজিয়াম সামিটের মধ্য দিয়ে যাত্রা শুরু করে জিএফএমডি।
ই-ফোরাম জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর একটি আন্তঃসরকার কাঠামো হলেও শুরু থেকেই বিশ্বের সেচ্ছাসেবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা এর সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন।
বিশ্বব্যাপী অভিবাসন সমস্যা মোকাবেলায় কাজ করে যাওয়া এ ফোরামের নবম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকায়।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় সরকারের উদ্যোগে ১০ ডিসেম্বর ওই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্বের ৭৩টি দেশের ৫০০ সুশীল সমাজ , সেচ্ছাসেবী এবং সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেবেন। এছাড়াও ২৭টি সংগঠন এবং বিভিন্ন দেশের ২০ জন মন্ত্রীরও এতে অংশ নেওয়ার কথা রয়েছে।
দুই ভাগে বিভক্ত সম্মেলন শুরুর আগের দুইদিন সুশীল সমাজের মধ্যে আলোচনা হবে ওই আলোচনার বিষয়বস্তু উপস্থাপন হবে আনুষ্ঠানিক সম্মেলনে।
পররাষ্ট্র সচিব জানান, শুধু জাতীয় কিংবা আঞ্চলিকই নয়, বিশ্বব্যাপী অভিবাসন সংকট মোকাবেলায় করনীয় ঠিক হবে আসছে সম্মেলনে।
রোহিঙ্গা সমস্যা নিয়ে সম্প্রতি আলোচনায় আসা মিয়ানমারের প্রতিনিধিও এ সম্মেলনে যোগ দিচ্ছেন।