দীর্ঘদিন ইজারার টাকা পরিশোধ না করে ব্যবসা চালিয়ে যাওয়ায় রাজধানীর শ্যামলীতে গড়ে উঠা ‘শিশু মেলা’ বিনোদন সাময়িক বন্ধ করে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
শনিবার উত্তরের সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার বিনোদন কেন্দ্রের দুটি ফটকে তালা লাগিয়ে সিলগালা করে দেন।
পরে সাংবাদিকদের মেয়র বলেন, শিশুদের জন্য কেন্দ্রটি শিগগিরই খুলে দেয়া হবে।
জানা গেছে, ১৯৮৫ সালে এক দশমিক ৪০ একর জমিতে গড়ে ওঠা এই শিশুপার্কটি পরিচালনার জন্য সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করে গণপু্র্ত মন্ত্রণালয়।
পরে সিটি করপোরেশনের নিজ খরচে খেলার সরঞ্জাম স্থাপন করে এটি এবং গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক ‘মের্সার্স ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেস’ নামে একটি প্রতিষ্ঠানের কাছে তিন বছরের জন্য ইজারা দেয়। তিন বছরের ইজারামূল্য ছিল এক লাখ ৪৫ হাজার ৭৫৬ টাকা ৫ পয়সা। তিন বছর পর ইজারাচুক্তি আর নবায়ন করা হয়নি।
শহরের মাঝখানে এই জায়গাটি গত ২০০২ সাল থেকে দখল করে রাখা হয়েছে প্রতি তিন বছরে মাত্র এক লাখ ৪৫ হাজার টাকায়। তাও গত ২০০২ সাল থেকে একটি টাকাও সিটি করপোরেশনকে দেয়া হয়নি বলে অভিযোগ করে মেয়র আনিসুল।
গত ২০০৫ সালে ইজারা চুক্তি বাতিল করে শিশুপার্কটিতে উচ্ছেদ কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেয় সিটি করপোরেশন। ওই বছরের একটি রিট পিটিশন মামলায় নিষেধাজ্ঞা থাকায় উচ্ছেদ কার্যক্রম সম্ভব হয়নি। পরে রিট পিটিশন মামলাটি নিষ্পত্তি হয়। কিন্তু ইজারাদার ২০০৯ সালে আরেকটি রিট পিটিশন করেন। মামলাটি শুনানির তালিকাভুক্ত আছে। তবে পার্কটির বিষয়ে কোনো নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ নেই।
গরীবের সম্পত্তি, আমাদের সম্পত্তি, সিটি করপোরেশনের সম্পত্তি- এতবড় একটি পার্ক বছরের পর বছর তারা দখল করে রেখেছে বলে জানান তিনি।
তিনি বলেন, (পার্ক পরিচালনা কর্তৃপক্ষ) মামলার পর মামলা করেছে—সেই মামলায় জয় লাভ করা হয়েছে এবং আমরা আজকে আমাদের, শিশুদের এবং সাধারণ নাগরিকদের এ পার্ক পুনরুদ্ধার করেছি এটা আর কাউকে দখল করতে দেয়া হবে না।