বাংলাদেশে চিকিৎসা, প্রযুক্তি ও কৃষি বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য নতুন বৃত্তি কর্মসূচি প্রবর্তনের প্রস্তাব দিয়েছেন হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. হানোস আদের।
সান্দর প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন তিনি।
বৈঠক শেষে পররাষ্ট্রসচিব এম. শহীদুল হক জানান, এ প্রস্তাবের মধ্যদিয়ে বাংলাদেশের সঙ্গে হাঙ্গেরির সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হলো। প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান এ বৃত্তি কর্মসূচি ঘোষণা করবেন বলে তিনি জানান।
হাঙ্গেরি সফরের দ্বিতীয় দিন স্থানীয় সময় সোমবার বিকেলে বুদাপেস্টে সান্দর প্যালেসে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রেসিডেন্ট ড. হানোস আদেরপ্রধানমন্ত্রীকে আন্তরিক অভ্যর্থনা জানান।
পরে বৈঠকে পানি ও দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে দু'নেতা আলোচনা করেন। পানি সম্পদ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহায়তার বিষয়েও আলোচনা হয়।
হাঙ্গেরির প্রেসিডেন্টকে বাংলাদেশে নিরাপদ বিনিয়োগ ও সম্ভাবনার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন শেখ হাসিনা।
পানি পরিশোধন ও বন্যা কবলিত এলাকায় বাংলাদেশকে সহায়তার বিষয়ে আগ্রহ প্রকাশের পাশাপাশি মৎস্য চাষেও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন হাঙ্গেরি প্রেসিডেন্ট।
এসময় প্রধানমন্ত্রী সবুজ বেষ্টনী প্রকল্প, বনায়ণ কর্মসূচি ও আশ্রয়হারা লোকজনের জন্য উঁচু ভূমিতে বাড়ি-ঘর নির্মাণসহ জলবায়ু সহিষ্ণু তহবিলের আওতায় বাংলাদেশের বিভিন্ন উদ্ভাবনী স্কিমের ব্যাপারে হাঙ্গেরির প্রেসিডেন্টকে অবহিত করেন। আইসিটি ও জাহাজ নির্মাণ খাতে বাংলাদেশের সম্ভাবনার কথাও তুলে ধরেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী হাঙ্গেরির প্রেসিডেন্টকে, বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন।
প্রেসিডেন্ট আদেরের সঙ্গে সাসটেইনেবল ওয়াটার সল্যুশন এক্সপোও পরিদর্শন করেন শেখ হাসিনা। পরে অতিথিদের সম্মানে আয়োজিত কনসার্টও উপভোগ করেন প্রধানমন্ত্রী ও আন্যান্য নেতারা।
এর আগে, মরিসাসের প্রেসিডেন্ট আমেনাহ গুরিবের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে, মঙ্গলবার সকালে বুদাপেস্টের আন্দ্রাসি এভিনিউতে হাঙ্গেরির স্বাধীনতার বীরদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দেশটির পার্লামেন্ট ভবনে গেলে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়।