আওয়ামী লীগের স্থানীয় নেতৃত্বের কারণে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা।
পাবর্ত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ১৯তম বর্ষপূর্তিতে বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে চুক্তি বাস্তবায়ন না হওয়ায় নিজেদের হতাশার কথা তুলে ধরে তিনিএ কথা বলেন।
সন্তু লারমা বলেন, তিন পার্বত্য জেলায় ক্ষমতাসীন দলের নেতৃত্ব চুক্তির স্বার্থবিরোধী ভূমিকা পালন করছে। নিজেদের অস্তিত্ব রক্ষায় পাহাড়ি জনগণ যে কোন বিকল্প পথ বেছে নিলে তার জন্য সরকারই দায়ী থাকবে।
এখনো নানাভাবে হয়রানির শিকার হচ্ছে পাবর্ত্য অঞ্চলের মানুষ— অভিযোগ করে তিনি আরো বলেন, রাষ্ট্রযন্ত্রের ছত্রছায়ায় সাম্প্রদায়িক-মৌলবাদী গোষ্ঠি বহিরাগতদের অনুপ্রবেশ ঘটাচ্ছে। ১৯৯৭ সালে এ চুক্তি স্বাক্ষরের পর ৪টি রাজনৈতিক সরকার ও ২টি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসলেও কেউই চুক্তিটির মৌলিক বিষয় বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা নিয়ে এগিয়ে আসেনি।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সন্তু লারমা, ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন আইন বাস্তবায়নে কিছু পরামর্শ তুলে ধরেন।
এ চুক্তি বাস্তবায়নে দেশের রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি নাগরিক সমাজও ভূমিকা রাখতে ব্যর্থ বলে মনে করেন বিশিষ্টজনেরা। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে পাবর্ত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের তাগিদ দেন তারা।