দুই দিনের সফরে ঢাকা এসেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর কুর্মিটোলার বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে পৌঁছান তিনি।
মনোহরের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দলে রয়েছেন ভারতীয় সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। দুপুরে ৩ বাহিনীর প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
পরে বিকেল ৩টায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী।
জানা গেছে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী আগামীকাল চট্টগ্রামে মিলিটারি একাডেমি পরিদর্শন এবং সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও।
বাংলাদেশে ভারতের কোনো প্রতিরক্ষামন্ত্রীর এটাই হবে প্রথম সফর। দুই দেশের মধ্যকার নিরাপত্তা সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনার বিষয়টিই পারিকারের বাংলাদেশ সফরের অন্যতম মুখ্য বিষয়।
ধারণা করা হচ্ছে, মনোহর পারিকারের এ সফরে নিয়মিত যৌথ সামরিক মহড়ার পাশাপাশি সমুদ্রে টহল এবং নৌযান তৈরির প্রস্তাব দিতে পারে ভারত।