বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও কোস্ট গার্ড সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আর যারা বাংলাদেশের সীমানার ঢুকে গেছে মানবিক দিক বিবেচনা করে তাদের চিকিৎসা সেবা ও থাকতে দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
তবে শিগগিরই আলোচনার মাধ্যমে একটা সুবিধাজনক সময়ে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেন মন্ত্রী।
এ সময় মন্ত্রী বলেন, আন্তর্জাতিক সকল সংস্থাকে বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারে শান্তি বজায় রাখতে অনুরোধ জানানো হয়েছে।
এসময় দেশে রোহিঙ্গা প্রবেশ বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান তুলে ধরেন, স্বরাষ্ট্রমন্ত্রী।
দেশে আড়াই লাখের মতো বসবাসকারী পাকিস্তানি রিফিউজি ফেরত পাঠানোর ব্যাপারে আন্তর্জাতিক ফোরাতে সরকার জোরালো দাবি তুলে আসছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং সেভ দ্য চিল্ড্রেন বাংলাদেশ যৌথভাবে অগ্নি নির্বাপন, বিধ্বস্ত ভবনে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনাসহ প্রাথমিক চিকিৎসা বিষয়ে তিনশো জন স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দিয়েছে। এসব প্রশিক্ষানার্থীদের মধ্যে সনদ বিতরণী অনুষ্ঠান আয়োজন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।