বিশেষ স্কুলের পরিবর্তে প্রতিবন্ধীদের সাধারণ স্কুলে ভর্তির মাধ্যমে শিক্ষার সুযোগ করে দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রতিবন্ধীদের উন্নয়ন ও তাদের অধিকার সুরক্ষায় শনিবার রাজধানীতে ২৫তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ১৮তম জাতীয় প্রতিবন্ধী দিবস সমাজ কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিবন্ধীদের আবহেলা না করে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে বিত্তবানসহ সকলের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধীরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিশে দ্রুত সুস্থ হওয়ার সুযোগ পাবে।
সমাজের সবাইকে প্রতিবন্ধীদের প্রতি আরো বেশি সহানুভুতিশীল ও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, প্রতিবন্ধীদের অবহেলা নয় তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার।
এ সময় সরকারি ও বেসরকারি সংস্থার পাশাপাশি সমাজের বিত্তবানদের প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করতে প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।
এর আগে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে রাজধানীতে ৮ দিনব্যাপী প্রতিবন্ধী উত্তরণ মেলার উদ্বোধন করেন শেখ হাসিনা।
দিবসটি উপলক্ষে সফল প্রতিবন্ধী, সমাজকর্মী, ও প্রতিষ্ঠানকে পুরস্কাররে ভূষিত করার পাশাপাশি উপস্থিত প্রতিবন্ধীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।