গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সকল দলের সহযোগিতা প্রয়োজন—এ অভিমত ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার রাজধানীতে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সবার সহযোগিতা ছাড়া গণতন্ত্রকে শক্তিশালী করা কঠিন হবে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৩তম মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তিন নেতার মাজারে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। এসময় নেতারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এদেশের গণতান্ত্রিক পথচলায় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে আজ গণতন্ত্র একটি পর্যায়ে এসেছে।
নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, তারা প্রতিটি নির্বাচনের আগে একই কথা বলে।
পরে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাজারে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।
গণতন্ত্রের মানসপুত্র, উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৩তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৬৩ সালের এই দিনে লেবাননের একটি হোটেলে তিনি মারা যান।
রাজধানীর হাইকোর্টের পাশে তিন নেতার মাজারে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধি রয়েছে। ১৮৯২ সালের ৮ সেপ্টেম্বর বর্তমান পশ্চিমবঙ্গের মেদিনীপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে সোহরাওয়ার্দীর জন্ম। তিনি বিচারপতি জাহিদ সোহরাওয়ার্দীর ছোট ছেলে। গণতন্ত্র, ন্যায়-বিচার ও আইন প্রতিষ্ঠার সংগ্রামে তার ছিল অসাধারণ অবদান।
শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে এ দেশের শান্তিপ্রিয় গণতন্ত্রকামী মানুষের আন্দোলনে নেতৃত্ব দেন। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে তিনি মুসলিম লীগ সরকারের একনায়কতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা পালন করেন।
এদিকে, সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে।