অধিকারের কথা নারীদের মুখে বললে হবে না— পুরুষশাসিত সমাজে এ অধিকার আদায় করে নিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নারী জাগরণের অগ্রদূত মহিয়সী নারী বেগম রোকেয়ার ১৩৬তম জন্মবার্ষিকী আর ৮৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নারীর মুক্তিতে বেগম রোকেয়াকে ‘আলোর দূত’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, নারীর ক্ষমতায়নে আওয়ামী লীগ সরকারের ভূমিকা বিশ্বে রোল মডেল। পুরুষের সঙ্গে সমানতালে নারীদের অর্থনৈতিক মুক্তির পথে না নিতে পারলে দারিদ্র্যমুক্ত দেশ গড়া সম্ভব নয়।
নারীর ক্ষমতায়নে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি আরো বলেন, সমাজের অর্ধেক সংখ্যক নারীকে বাদ দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব।
নিজেদের অধিকারের ব্যাপারে সোচ্চার হতে নারীদের প্রতি আহ্বানও জানান শেখ হাসিনা।
তৃণমূল পর্যায়ে সীমিত সুযোগে যে সকল নারী উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন— তাদেরকে স্বীকৃতি দিতে আগামী বছর থেকে এ পুরস্কার ৫ জনকে দেয়া হবে বলেও জানান তিনি।
এবার নারী অধিকার ও আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এবছর আরমা দত্ত ও বেগম নূরজাহানকে রোকেয়া পদক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।