অভিবাসীদের অধিকার সুরক্ষা নিশ্চিত করার জন্য বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবম আন্তর্জাতিক গ্লোবাল ফোরাম মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সম্মেলনে এ কথা বলেন তিনি।
এ সময় বিশ্বায়নের এ যুগে মানুষের চলাফেরা কিভাবে আরো নির্বিঘ্ন, নিরাপদ ও সুশৃঙ্খল করা যায় সেটাই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের নিশ্চিত করতে হবে, একজন ব্যক্তি যেন তার ইচ্ছা অনুযায়ী চলাফেরা করতে পারেন।
প্রতিটি অভিবাসী যেন মর্যাদা ও নিরাপত্তা নিয়ে কাজ করতে পারেন, তা-ও নিশ্চিত করতে হবে—এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, বিভিন্ন সম্প্রদায়, অর্থনীতি ও সমাজের মধ্যে যোগসূত্র স্থাপন করে শান্তি, স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধির জন্য অভিবাসন সমানভাবে গুরুত্বপূর্ণ।
অভিবাসনের চাহিদা, প্রত্যাশা, নিরাপত্তা, উদ্বেগ এবং সম্ভাবনাগুলো সমন্বয় করতে হবে বলেও জানান শেখ হাসিনা।