কারখানার কর্মপরিবেশ ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত এবং নারী ও প্রতিবন্ধী শ্রমিক নিয়োগ দিতে শিল্পপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ বিষয়ক ঢাকা সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
দক্ষ জনশক্তি তৈরিতে শ্রমিকদের প্রশিক্ষণ ব্যবস্থার উপর জোর দেন প্রধানমন্ত্রী— এছাড়া প্রতিযোগিতায় টিকতে পণ্যের মান বাড়িয়ে দাম ঠিক করার পরামর্শও দেন।
নিজ নিজ কারখানায় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শ্রমিকদের দক্ষতা, নিয়োগ যোগ্যতা ও শোভন কাজ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান প্রধানমন্ত্রী অধিক সংখ্যক নারী শ্রমিক নিয়োগের ওপরও জোর দেন।
শুধু অর্থ উপাজন নয়, দক্ষ জনশক্তি বৃদ্ধিতে শ্রমিকদের প্রশিক্ষণের উপর নজর দিতে কারখানার মালিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
শ্রমিকদের আইনি অধিকার নিশ্চিত ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বর্তমান সরকার যে নিরলস কাজ করে যাচ্ছে তাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে দেশের ভবিষ্যত অর্থনীতির জন্য পণ্যের বৈচিত্র ও বাজার সম্প্রসারণের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পণ্যের পুনর্বিন্যাস করতে হবে।
সেইসঙ্গে পণ্যের মূল্য সংযোজন কিভাবে করা যায় সে বিষয়ে উদ্যোগ নেয়ার তাগিদ দেন শেখ হাসিনা।