রোহিঙ্গা সমস্যাকে রাজনৈতিক বিষয় উল্লেখ করে এর সমাধানে বাংলাদেশ-মিয়ানমারকে একসঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার- আইওএমের মহাপরিচালক উইলিয়াম লেইসি সুইং।
তিনি বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে কাজ করা সংস্থাগুলোর এ বিষয়ে সমাধান দেয়া সম্ভব নয়।
রোববা ঢাকায় শুরু হওয়া সবচেয়ে বড় আন্তর্জাতিক অভিবাসন সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
অন্যদিকে জিএফএমডি সম্মেলনের দ্বিতীয় দিনের আলোচনায় অভিবাসীদের অধিকার ও সুরক্ষায় আন্তর্জাতিক আইনি কাঠামোতে নিয়ে আসার ওপর প্রাধান্য দিয়েছেন বক্তারা।
রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট-জিএফএমডি সম্মেলনের দ্বিতীয় দিনে বিভিন্ন দেশের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা বৈঠক করেন। বৈঠকে অংশ নিতে বিশ্বের সরকারি-বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা এখন ঢাকায়।
বৈঠকের ফাঁকে দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম'র মহাপরিচালক উইলিয়াম লেইসি সুইং।
রোহিঙ্গা সমস্যাকে রাজনৈতিক বিষয় উল্লেখ করে তিনি বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে তার সংস্থা রোহিঙ্গাদের নিয়ে কাজ করছে। কিন্তু তাদের পক্ষে এ সমস্যা সমাধান করা সম্ভব নয়।
তিনি আরো বলেন, এবিষয়ে বাংলাদেশ -মিয়ানমারকে একসঙ্গে কাজ করতে হবে।
এদিকে, সম্মেলনের দ্বিতীয় দিনের আলোচনায় বিশ্বব্যাপী অভিবাসীদের সুরক্ষা ও অধিকার রক্ষায় আইন করার বিষয়টি প্রাধান্য পায়। এরসঙ্গে জলবায়ু পরিবর্তনের বিষয়টি জড়িত উল্লেখ করে এর সমাধানে পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন নাগরিক সমাজ।
তাদের দেয়া সুপারিশের ভিত্তিতে সম্মেলনের শেষ দিনে আন্তর্জাতিকভাবে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবীর।
এদিকে সম্মেলনকে কেন্দ্র করে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্য তুলে ধরে মেলা বসেছে। রয়েছে কারুকাজ খঁচিত কাঁসা-পিতলের বিভিন্ন পাত্র। রয়েছে জামদানি, নকশী কাঁথাও।