‘প্রতিরক্ষা বাহিনী প্রধান আইন-২০১৬’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সংক্রান্ত নীতিমালার অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, এ বিধানে সশস্ত্র বাহিনীর প্রধানরা ৭ ধরনের সুবিধা পাবেন। আর এ পদ থেকে অবসর গ্রহণের পর কোনো সামরিক বা অসামরিক কাজে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন না।
তিনি আরো বলেন, খসড়া আইনে বলা হয়েছে, জনস্বার্থে যদি অবসর প্রদান করা না হয় বা বাহিনী প্রধান যদি স্বেচ্ছায় অবসরগ্রহণ না করেন তাহলে একসঙ্গে ও বর্ধিতকরণসহ নিয়োগের অনুর্ধ্ব (সর্বোচ্চ) মেয়াদ হবে ৪ বছর।
তবে বেসামরিক কোনো ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগ হতে পারে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। সশস্ত্র বাহিনী প্রধান পদে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।
এছাড়াও আজ মন্ত্রিসভায় আরো ৫টি খসড়ার অনুমোদন দেয়া হয়।